চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসে আবারও ঘটে গেল বিশৃঙ্খল ঘটনা। নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা স্টেশনে সোমবার রাত ৮টার দিকে একদল ব্যক্তি বিনা টিকিটে ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বগিতে উঠে পড়ে। মুহূর্তেই তাঁরা আসন দখল করে বসে যান। পরে টিকিটধারী যাত্রীরা নিজেদের আসনে বসতে চাইলে বাধা দেওয়া হয় এবং ধাক্কাধাক্কির এক পর্যায়ে কয়েকজনকে মারধর করা হয়।

এ ঘটনাটি ট্রেনের ভেতর থাকা যাত্রীরা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে আশপাশের যাত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এলে দখলদার ওই দল ট্রেন থামার সঙ্গে সঙ্গেই নেমে পালিয়ে যায়। ফলে ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে এবং নির্ধারিত সময়ের সাড়ে তিন ঘণ্টা পর রাত ১২টার দিকে চট্টগ্রামে পৌঁছায়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস মেথিকান্দায় থামার পরই একদল লোক বিনা টিকিটে এসি বগিতে ঢুকে পড়ে। তাঁদের আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করলেই টিকিটধারীদের ওপর চড়াও হয় দলটি।

চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন,“চট্টলা এক্সপ্রেসে বিনা টিকিটে যাত্রীদের দখল ও হামলার অভিযোগ নতুন নয়। এবারকার ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এসএস



