দেশে হাম-রুবেলা আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু—এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি মোকাবিলায় ৫ এপ্রিল, রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার।

৪ এপ্রিল, শনিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশের কিছু এলাকায় হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং এটি বিশেষ করে ছোট শিশুদের ওপর বেশি প্রভাব ফেলছে। এ কারণে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে—তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক।

তিনি জানান, টিকাদান কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় শুরু হয়ে পরে সারাদেশে সম্প্রসারণ করা হবে। আগামী ঈদুল আজহা-র আগেই, অর্থাৎ ২১ মে’র মধ্যে এই কর্মসূচি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ব্যবহৃত টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সময়মতো টিকা নিশ্চিত করা গেলে হাম একটি প্রতিরোধযোগ্য রোগ হিসেবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা দেওয়ার জন্য। পাশাপাশি গুজব এড়িয়ে সঠিক তথ্য প্রচারে গণমাধ্যম ও স্থানীয় নেতৃত্বের সহযোগিতা কামনা করেন।
এসএস



