সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে—সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন—মনিরা এরশাদ ও আশিকুর রহমান আশিক।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জানান, মামলার ধার্য তারিখ পর্যন্ত আসামিরা জামিনে ছিলেন। তবে নির্ধারিত দিনে তারা আদালতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করেন। বাদীপক্ষের আপত্তির পর আদালত শুনানি শেষে তাঁদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর গুলশানের ছয়তলা আবাসিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ফ্ল্যাট দখলের চেষ্টা করছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তারা দলবল নিয়ে ভবনের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করে অফিসকক্ষ ভাঙচুর করেন। এ সময় চেয়ার, টেবিল, ফ্যাক্স মেশিন, প্রিন্টার, রাউটারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে এবং আরও দুই লাখ টাকার ক্ষতি সাধন করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরদিন ভবন সংস্কারের সময় আসামিরা লোহার রড, পাইপ, লাঠি ও হাতুড়ি নিয়ে আবারও সেখানে গিয়ে বাদীকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বাধা দিলে বাদীকে মারধর করা হয় এবং তাঁর ছেলে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

ঘটনার পর ফারজানা আন্না ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন।

এসএস

[Image not available]

সম্পর্কিত