বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

মূলধারার বিএনপির কু’কর্মে অতিষ্ঠ জনতা ; সরোয়ার আলমগীরের মন্তব্যে ফটিকছড়িতে তোলপাড়

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মূলধারার বিএনপির কুকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন ফটিকছড়ি আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর।তার দেওয়া এ বক্তব্যকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত ২৭ মার্চ, শুক্রবার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত একটি খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে সরোয়ার আলমগীর বলেন, এলাকার রাজনৈতিক পরিস্থিতির জন্য “তথাকথিত মূলধারার বিএনপিই দায়ী।”

তিনি বলেন,“আমার দলের তথাকথিত মূলধারার কিছু লোকের আকাম–কুকাম, অপরাধ, গরিব মানুষের হক নষ্ট করা, মাটি কাটা এবং ১০ হাজার টাকায় বিচার বাণিজ্যের কারণেই আজ এ অবস্থার সৃষ্টি হয়েছে।”

তার এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয় এবং বিষয়টি নিয়ে শুরু হয় পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগ।

২৮ মার্চ, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে সরোয়ার আলমগীরের মন্তব্যের জবাবে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার সরোয়ার আলমগীর গ্রুপকে ইঙ্গিত করে দাবি করেন, এলাকায় বিএনপির ভেতরে কিছু ব্যক্তি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন,কিছু লোক দলীয় পরিচয় ব্যবহার করে ঘরবাড়ি দখল, মাদক ব্যবসা থেকে মাসোহারা গ্রহণ এবং সহিংস ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। শান্তিরহাট এলাকায় মোটরসাইকেল সংক্রান্ত বিরোধের জেরে হানিফের ছেলে রমজান আলী হত্যার ঘটনাও তিনি উল্লেখ করেন।

এদিকে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক একরামুল হক একরাম সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা পোস্ট দিয়ে অভিযোগ করেন, ব্যক্তিগত ব্যর্থতা আড়াল করতেই অন্যদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি লেখেন,“নিজের পাহাড়সম অপরাধ মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যাবে না। ইউনিয়নে রাতে কোন পথে চোরাচালান হয়, জনগণ সব জানে। ৬ নম্বর ওয়ার্ডে ভরাডুবির কারণও কেউ বলছে না।”

বিএনপি সমর্থক মুন্সি মোহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ভোট কম পাওয়ার পেছনে চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, মাটি ও গাছ বাণিজ্য, ডাকাতি ও হুমকি–ধমকির মতো অভিযোগই বড় কারণ হিসেবে কাজ করেছে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত