মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

শেয়ার জালিয়াতি মামলা: হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট

শেয়ার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় আসামি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

১৬ মার্চ, সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের আদালত এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানাটি ঢাকার বনানী থানার ওসিকে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মো. আবুল হাসেম।

[ad_OwixA1az]

মামলার তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইনকনট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

তদন্তে জানা যায়, ২০০৬ সালে বাদী ও তার স্ত্রী কোম্পানির মোট ২৩০০ শেয়ারের বিপরীতে ৫০০ শেয়ারের মালিকানা অর্জন করেন। কিন্তু পরবর্তীতে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির শেয়ার বৃদ্ধি করা হলেও বাদী ও তার স্ত্রীকে সে বিষয়ে অবহিত করা হয়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে উল্লেখ করা হয়, কোম্পানির বোর্ড মিটিংয়ের নোটিশ না দিয়েই জাল রেজুলেশন দেখিয়ে বিপুল পরিমাণ শেয়ার বৃদ্ধি করা হয় এবং সেই শেয়ার এককভাবে নিজের নামে বরাদ্দ নেন ইউসুফ আব্দুল্লাহ হারুন।

তদন্তে আরও উঠে আসে, প্রথম দফায় ৩ লাখ ৭০ হাজার ৯৬৭টি এবং দ্বিতীয় দফায় ৬ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার বৃদ্ধি করে মোট প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০টি শেয়ার নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। এর বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পিবিআই তদন্তে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারার অপরাধের সত্যতা পাওয়া যায়। একইসঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকারের বিরুদ্ধেও অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পর আদালত আসামি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতে বিচারাধীন রয়েছে। মামলার বাদী প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার মোহাম্মদ আমিরুল হকের পক্ষে আমমোক্তারনামা নিয়ে অভিযোগটি করেন মুশফিক আল মাসুম।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত