চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করতে বন্দর কর্তৃপক্ষের আর কোনো আইনি বাধা থাকলো না।

১২ মার্চ, বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।
এর আগে, গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট।

তারও আগে গত বছরের ৪ ডিসেম্বর এনসিটি পরিচালনা নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে ভিন্নমত দেখা যায়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন। অন্যদিকে, বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেন।
পরে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি মো. জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়।
এসএস



