ভারতের পশ্চিমবঙ্গ থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

৮ মার্চ, রোববার সন্ধ্যায় বার্তা সংস্থা এএনআই’র প্রতিবেদনে এসটিএফের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার গভীর রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসটিএফ জানায়, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায়—দুই বাংলাদেশি নাগরিক নিজ দেশে চাঁদাবাজি, হত্যা সহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তারা সুযোগ পেলে আবার বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে সীমান্তবর্তী বনগাঁ এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
এ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানতে পারে, তারা বাংলাদেশের রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর পালিয়ে ভারতে আশ্রয় নেয়। মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করার পর শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরার পরিকল্পনায় বনগাঁ সীমান্ত এলাকায় যায়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে এসটিএফ।
ক্লিক/এসএস



