বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

দেশ বদলাতে কোরআনের আলোকে মানুষের চরিত্র বদলাতে হবে : মুহাম্মদ শাহজাহান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

মুহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে পবিত্র কোরআনের আলোকে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তিনি উল্লেখ করেন, নৈতিক অবক্ষয়, দুর্নীতি ও অবিচারের মাধ্যমে কখনোই কল্যাণরাষ্ট্র গঠন সম্ভব নয়।

[ad_OwixA1az]

তিনি আরও বলেন, কোরআনের শিক্ষা মানুষকে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে। এ শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব।

রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এটি আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা যদি সারা বছর অনুসরণ করা যায়, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া এবং নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা আমীর আব্দুল হান্নান চৌধুরী এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি রেজাউল করিম। এছাড়া থানা সহকারী সেক্রেটারি আফছার উদ্দিন শাহীনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বর্তমান প্রেক্ষাপটে দেশপ্রেম, সততা ও নৈতিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত