শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শহীদ জিয়া-বেগম খালেদার সমাধিতে সাঈদ আল নোমানের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান। ১৮ ফেব্রুয়ারি, বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান।

এ সময় দুই নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিতরা। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

সাঈদ আল নোমান বলেন, শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শ তাদের রাজনীতির মূল প্রেরণা এবং খালেদা জিয়ার নেতৃত্ব চলার পাথেয়। এই আদর্শ ধারণ করেই গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন ডিপ্টি এবং নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত