নগরের চকবাজার থানাধীন কাপাসঘোলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক দুই ব্যক্তিকে পরে চকবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি, রোববার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিরা হলেন যুবদল নেতা এমদাদুল হক বাদশার অনুসারী মোহাম্মদ গফুর ও মোহাম্মদ আলম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া অস্ত্রের ধরন ও সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আটকের পর তাদের চকবাজার থানায় হস্তান্তর করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিক কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) আমিনুর রশীদ বলেন, আটকের বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন হাতে পাননি। বিস্তারিত তথ্য পেলে জানানো হবে বলে জানান তিনি।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফয়সাল আহমদও আটকের খবর পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ ও সিএমপির দক্ষিণ বিভাগের ডিসি হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোনে সাড়া পাওয়া যায়নি।
এদিকে আটক দুজনকে ছাড়িয়ে নিতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বড় অঙ্কের অর্থের বিনিময়ে তদবির চলছে—এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমদ বলেন, আসামিদের ছেড়ে দেওয়ার কিংবা কোনো ধরনের লেনদেনের সুযোগ নেই। আইন অনুযায়ীই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বিষয়টির বিস্তারিত জানতে সরাসরি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের হয়েছে কি না কিংবা আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে—এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
এসএস



