চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসমাবেশে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

২ ফেব্রুয়ারি, সোমবার সীতাকুণ্ডে আয়োজিত এ জনসমাবেশে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন প্রতীক গ্রহণ করেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জনসমাবেশস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশটি পরিণত হয় এক শক্তিশালী রাজনৈতিক প্রদর্শনীতে।

প্রতীক হস্তান্তরকালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, দাঁড়িপাল্লা’ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়,এটি ইনসাফ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। তিনি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব হিসেবে উল্লেখ করে ফটিকছড়িবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান।
প্রতীক গ্রহণ করে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, এই প্রতীক তার জন্য শুধু সম্মানের নয়, বরং একটি বড় দায়িত্বের প্রতিফলন।
তিনি বলেন, ফটিকছড়িকে বৈষম্য, দুর্নীতি ও দখলদারিত্বমুক্ত করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সাম্যপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।
সমাবেশে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসএস



