শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

নির্বাচন চলাকালে ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট বন্ধ করার কোনো উদ্যোগ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সময় ইন্টারনেট খোলা থাকবে এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা হবে।

১ ফেব্রুয়ারি, রোববার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। ইন্টারনেট খোলা রাখার বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।”

গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। সত্য তথ্য প্রকাশের মাধ্যমেই জনগণ সঠিক খবর জানতে পারে। এজন্য সরকার চায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক এবং সত্য তুলে ধরুক।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নানা ধরনের নিয়ন্ত্রণ ছিল। বর্তমানে সাংবাদিকরা যেভাবে প্রশ্ন করতে পারছেন, আগে সে সুযোগ ছিল না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধে সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের প্রস্তুতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোতে পারলে নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনকালীন সহিংসতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বর্তমানে অনেক সহিংসতার ঘটনা একই দলের বা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে। এসব ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত