সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ মান্ডা ও কদমতলী এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি পিস্তল, গোলাবারুদ, মাদকদ্রব্য, স্টান গান এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র।

৩১ জানুয়ারি, শনিবার মধ্যরাতে মুগদা থানাধীন দক্ষিণ মান্ডার বালুর মাঠ এলাকায় পরিচালিত অভিযানে আনোয়ারুল (৪০) ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (৩০) গ্রেপ্তার হন। এ সময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৮ জানুয়ারি কদমতলীর জুরাইন মেডিকেল রোড এলাকায় আরেকটি যৌথ অভিযানে ইউনুছ রহমান জনি (৩৯) ও মোহন আহমেদ জনি (৪১) গ্রেপ্তার হন। ওই অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গোলাবারুদ, দুটি ডামি পিস্তল, একটি স্টান গান এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধসংক্রান্ত তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।
এসএস



