বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

রাউজানে গভীর নলকূপের গর্তে পড়া শিশু মেজবাহ মারা গেছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ আর বেঁচে নেই। ২৮ জানুয়ারি, বুধবার রাতে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের একটি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অংশ নেয়। দীর্ঘ সময় পর শিশুটিকে গর্ত থেকে তোলা সম্ভব হলেও ততক্ষণে তার অবস্থা গুরুতর হয়ে পড়ে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা খোলা নলকূপের গর্ত দ্রুত বন্ধ করা এবং এ ধরনের ঝুঁকিপূর্ণ স্থাপনা নিরাপদ করার দাবি জানিয়েছেন।

এদিন বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির কাছে খেলার সময় শিশু মিসবাহ গভীর নলকূপের জন্য খনন করা প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে যায়। খবর পেয়ে রাউজান ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেন। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কৃত্রিমভাবে গর্তে অক্সিজেন প্রবেশ করানো হয়।

ইউএনও এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘স্কেভেটর দিয়ে মাটি খনন করে গর্তের আকৃতি বড় করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটি ততক্ষণে মারা যায়। উদ্ধারের পর রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।’

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ নামে এক শিশু। ফায়ার সার্ভিস টানা ৩২ ঘণ্টা অভিযান চালিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত