নোয়াখালীর বেগমগঞ্জে যাত্রীবাহী বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে এক বাসচালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

১৯ জানুয়ারি, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে ‘বাঁধন প্লাস’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি মো. শিপন (৩১)। তিনি নোয়াখালী সদর উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হাফিজ উল্লাহ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পরিবহন শ্রমিকদের একটি চক্র চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবা এনে সরবরাহ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিপনের কাছ থেকে ইয়াবাসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, এ ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে।
এসএস



