শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ইপিজেড থানা যুবদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেট কার আরোহী যুবদলের এক নেতা নিহত হয়েছেন। ২৭ ডিসেম্বর, শনিবার গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আ জ ম সোহেল (৪০) নগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব। তিনি দক্ষিণ হালিশহর আলী শাহ পাড়া এলাকার বাসিন্দা। এছাড়া সোহেল দীর্ঘদিন ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ইপিজেড থানায় সংগঠনের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ বলেন, ‘রাত আনুমানিক ৩টার দিকে সম্ভবত উনি (সোহেল) পতেঙ্গা সী-বিচ এলাকা থেকে ফিরছিলেন। এ সময় তিনি নিজেই প্রাইভেটকার ড্রাইভ করছিলেন। কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে আঘাত করে প্রাইভেটকারটি। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে গাড়ি থেকে বের করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যুর বিষয় চিকিৎসক উল্লেখ করেছেন বলে ওসি জানান।’

দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগেও তিনি নগরীর একটি অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোহলের মৃত্যুতে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, ইপিজেড থানা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত