শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ৫

ডেস্ক রিপোর্ট
নোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সকাল থেকে দিনভর থেমে থেমে এ সংঘর্ষ ঘটে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর সংঘর্ষ থামলেও সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে।
২৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেলে উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু বাহিনী জাগলার চরের বেশ কিছু জমি বিক্রি করে। এরপর সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী জাগলার চরের জমির দখল নিতে মরিয়া হয়ে উঠে। একপর্যায়ে আলাউদ্দিন বাহিনী আরও বেশি দামে কিছু জমি বিক্রি করে। এরপর দুটি গ্রুপ আলাদাভাবে চরের জমি বিক্রির চেষ্টা চালায়।
অভিযোগ রয়েছে, চর দখলে যুক্ত ডাকাত আলাউদ্দিন সুখচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন সেলিম, আওয়ামী লীগ নেতা নিজাম মেম্বার, বিএনপি নেতা নবীর ঘনিষ্ঠ। তারা কোপা সামছু বানিহীকে চর থেকে বিতাড়িত করে চরের জমি দখলে নিতে ডাকাত আলাউদ্দিনের বাহিনীর সঙ্গে আঁতাত করে। এ নিয়ে দুটি গ্রুপ একাধিকবার বিরোধে জড়ায়।
আজ সকাল ১০টার দিকে চরের জমি দখলকে কেন্দ্র করে কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এতে অপর পক্ষের ছোড়া গুলিতে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
চারজনের মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত পুলিশ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত