শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

শহীদ ওয়াসিম হত্যা মামলায় কারাগারে সাবেক সিএমপি কমিশনার সাইফুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

৩০ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এ দিন সকালে সাইফুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে তোলা হলে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় সাইফুলকে হাজিরের দিন ধার্য ছিল। গত ১৫ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তিনি মামলার অগ্রগতি প্রতিবেদনের পাশাপাশি জানান, এ ঘটনায় সাইফুলের প্রাথমিক সত্যতা মিলেছে। শুনানি শেষে আদালত তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।

শহীদ ওয়াসিম ছাড়াও নিহতরা হলেন—শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়া ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগও পাওয়া গেছে।

এর ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, চান্দগাঁও থানার মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই সিএমপি কমিশনার। ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার মা জোছনা বেগম।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত