শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন : ফটিকছড়িতে বিএনপি নেতা কাদের গনি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, ধানের শীষ বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রের প্রতীক। তিনি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়তে সকল শ্রেণি–পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান ।

২৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা সদর বিবিরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুর থেকেই ফটিকছড়ি ও ভুজপুরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকেরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে জড়ো হন। বিকেল তিনটার মধ্যে তালিমুদ্দিন মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

পরে সমবেত জনতার উদ্দেশে কাদের গনি চৌধুরী বক্তব্য দেন এবং লিফলেট বিতরণ শেষে এক গণমিছিল বের করেন। মিছিলটি বিবিরহাট বাজার, নাজিরহাট, রোসাংগিরি ও আজিমনগর হয়ে পুণ্যভূমি মাইজভাণ্ডার দরবার শরীফে গিয়ে শেষ হয়। সেখানে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মাজার জিয়ারত করেন।

কাদের গনি চৌধুরী বলেন, ধানের শীষে ভোট দিয়ে এদেশের মানুষ কখনও প্রতারিত হয়নি। বিএনপি সবসময় জনগণের ভোটের মর্যাদা রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ শান্তিতে থাকে।

তিনি আরও বলেন, তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন—যেখানে কোনো নাগরিক তার অধিকার থেকে বঞ্চিত হবেন না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র ও সুশাসন রক্ষার লক্ষ্যে বিএনপির ৩১ দফা একটি যুগান্তকারী রূপরেখা।

বিএনপির ৩১ দফার বিষয়ে তিনি বলেন, এটি শুধু সমস্যা চিহ্নিত করার দলিল নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার পরিকল্পনা। বিচার বিভাগের স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এতে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

কাদের গনি চৌধুরী বলেন, বিএনপি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপক্ষে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর নীতি অনুসরণ করে বেগম খালেদা জিয়া সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে সংসদীয় পদ্ধতি এবং ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করে নির্বাচনকে নিরপেক্ষ করেছিলেন।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে—মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে আমরা এমন এক বাংলাদেশ গড়ব, যেখানে বৈষম্য থাকবে না, সামাজিক সম্প্রীতি থাকবে, আর জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা পাবে।

তিনি আরও যোগ করেন, বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে—প্রতিহিংসা নয়, বরং জনগণের ঐক্য ও সম্প্রীতির ভিত্তিতে বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় গড়ে তোলা হবে একটি বৈষম্যহীন রাষ্ট্র। যেখানে ধর্ম, বর্ণ, শ্রেণি বা পেশা নির্বিশেষে সবাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে।

লিফলেট বিতরণ শেষে গণমিছিলে অংশ নেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, সারোয়ার হোসেন, এম মোর্শেদ হাজারী, ওসমান তাহের সম্রাট, আহমদ গনি চৌধুরী, আজম খান, সেলিম খানসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ক্লিক/এসআই

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত