শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ফটিকছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”—এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলেক্ষ্য বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালির মধ্য দিয়ে। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসে বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হলে এক আলোচনা সভায় মিলিত হয়।

র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, পরিবহন শ্রমিক ইউনিয়ন, স্কাউটস সদস্য, ইমাম-মুয়াজ্জিনসহ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, নিরাপদ সড়ক কেবল আইনের বিষয় নয়, এটি এক মানবিক অঙ্গীকার। চালক, পথচারী, যাত্রী—সবার মধ্যে সমান সচেতনতা তৈরি না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মানসম্মত হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি মানা, মোবাইল ফোন ব্যবহার না করে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

এসময় আলোচনায় আরও অংশ নেন ফটিকছড়ির তদন্ত অফিসার(ওসি) মু. রফিকুল ইসলাম, নাজিরহাট হাইওয়ে ইনচার্জ মুহাম্মদ সাহাবুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এখন দেশের উন্নয়ন ও সামাজিক জীবনের বড় অন্তরায়। প্রতি বছর হাজারও প্রাণ সড়কে ঝরে যাচ্ছে শুধুই অসচেতনতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে। তারা সড়কে শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ সহনশীল আচরণ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শুধু সরকারের উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকেও এ ইস্যুকে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন চালকদের প্রশিক্ষণ, গাড়ির ফিটনেস, পথচারীদের দিকনির্দেশনা ও কঠোর আইন প্রয়োগে সবার সহযোগিতা প্রয়োজন।

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত