৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায় দিবস ও জুলাই সনদের স্মৃতি উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠন। প্রায় প্রতিটি স্টেটে অনুষ্ঠিত হয় সভা, সমাবেশ, র্যালি, সেমিনারসহ নানা অনুষ্ঠান।

বিশেষভাবে মেরিল্যান্ড স্টেট বিএনপি আয়োজন করে আলোচনা সভা, সমাবেশ, কমিউনিটির মাঝে খাবার বিতরণসহ গঠনমূলক কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সভাপতি সাইদ খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ গোলাম রাব্বানী নয়ন বাঙালি। বিশেষ অতিথি ছিলেন মেরিল্যান্ড স্টেট বিএনপির সাবেক সভাপতি নেসার আহমেদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম বাবলু, মন্টগোমারি কাউন্টি বিএনপির সভাপতি বিতান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ, তানভির হাসান, আফরিন লিয়ানা, আব্দুল মোতালেব মামুন, প্রচার সম্পাদক মো. রায়হান প্রমুখ।

বক্তব্যে নয়ন বাঙালি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি, নির্বাচন দাবি করেছি—নির্বাচন হবেই। সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে হলে কর্মীদের উন্নত মানসিকতা, সততা এবং দলের মূলধারার চিন্তার সাথে সামঞ্জস্য রেখে পথ চলতে হবে। শুধু মনোনয়ন দৌড়ে রেষারেষি করলেই হবে না। ধানের শীষ একটি পবিত্র প্রতীক—এর মর্যাদা বিজয়ের মাধ্যমেই রক্ষা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি ও চিন্তা-চেতনাকে আত্মস্থ করে রাজনীতি করতে হবে; শুধু তার নামে মিছিল করলেই তার স্বপ্ন পূরণ হবে না।



