চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল হক মালয়েশিয়ায় অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন।
আগামী ৩ ও ৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়ান রিসার্চ অ্যাক্সিলারেটর ফর টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এমআরএএনটিআই)-তে অনুষ্ঠিতব্য ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ’-এ তিনি একটি গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন। এশিয়া প্যাসিফিক স্কলার্স কংগ্রেস (এপিএসসি) ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ‘একাডেমি প্রফেসর মালয়েশিয়া’।
সম্মেলনে তাঁর গবেষণাপ্রবন্ধের শিরোনাম ‘Framing Islam in Bangladeshi Media: A Critical Content Analysis of Representation, Narratives, and Stereotypes’। এতে বাংলাদেশের গণমাধ্যমে ইসলামের উপস্থাপন, বর্ণনা ও প্রচলিত ধারণাগুলো কীভাবে প্রতিফলিত হচ্ছে, তা বিশ্লেষণ করা হয়েছে।
এপিএসসি ২০২৬-এ মালয়েশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নেবেন। বুদ্ধিবৃত্তিক বিনিময়, আন্তবিষয়ক সংলাপ এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক জোরদার করা এ সম্মেলনের অন্যতম লক্ষ্য।
এ ছাড়া আগামী ১০ ও ১১ নভেম্বর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) গোম্বাক ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ‘৭ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইসলামিক জুরিসপ্রুডেন্স (আইসিআইজে ২০২৬)’-এও গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক শহীদুল হক।
‘Artificial Intelligence in the Light of Maqasid al-Shari’ah: Contemporary Issues and Future Prospects’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে তাঁর গবেষণাপ্রবন্ধের শিরোনাম ‘Ethical Use of Artificial Intelligence: An Islamic Perspective’।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশ নেবেন। এতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক, আইনগত ও সামাজিক প্রভাব এবং মাকাসিদুশ শরিয়াহর আলোকে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ইসলামি আইনশাস্ত্র, ফতোয়া, ইসলামি অর্থনীতি, শিক্ষা, সুশাসন, মানবিক মর্যাদা ও প্রযুক্তিগত পরিবর্তনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
এসএস
