চট্টগ্রামের পটিয়ায় শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রবিউল হাসান (২৪) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ভোর আনুমানিক ৪টার দিকে এবং ৩০ আগস্ট একই সময়ে আমজুরহাট বাজারসংলগ্ন এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মাদ্রাসার কক্ষে ওই শিশুকে ধর্ষণ করা হয়।
[ad_OwixA1az]সর্বশেষ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবার ধর্ষণের চেষ্টা করা হলে শিশুটির পরিবার ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে রবিউল হাসানকে আটক করে।
পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, ‘শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা হয়েছে। আসামিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
ঘটনার পর থেকে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। অভিভাবকরা বলছেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। মাদ্রাসা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
উল্লেখ্য, দক্ষিণ চট্টগ্রামে সুন্নিপন্থি মাদ্রাসায় এ ধরনের বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম বলে স্থানীয়রা জানিয়েছেন।
[ad_ujVHoYsI]
