শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
[ad_m4LjshC9]

শহীদ শান্তর নামে এক সপ্তাহের মধ্যে উড়াল সেতু চান এমপি শাহজাহান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহিদ ফয়সাল আহমদ শান্তর নামে একটি উড়াল সেতুর নামকরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

৫ সেপ্টেম্বর, শনিবার বিকেলে নগরের লালদিঘি ময়দানে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

শাহজাহান চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহিদ ওয়াসিম আকরামের নামে ইতোমধ্যে একটি উড়াল সেতুর নামকরণ করা হয়েছে। এবার শহিদ ফয়সাল আহমদ শান্তর নামেও একটি উড়াল সেতুর নামকরণ করতে হবে।

[ad_OwixA1az]

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে শহিদ ফয়সাল আহমদ শান্তর নামে চট্টগ্রামে একটি উড়াল সেতুর নামকরণ করতে হবে।’

বক্তব্যে আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে শাহজাহান চৌধুরী বলেন, গত ১৮ বছর ধরে তাদের দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে। তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছিলেন, তিনি পালাবেন না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এখন আবার ডিসেম্বরে আসার হুঙ্কার দিচ্ছেন। আপনি আসেন, বাংলার মাটিতে আপনার বিচার হবে।’ তিনি আরও বলেন, ‘গত ১৮ বছরে যারা নির্যাতন-নিপীড়ন চালিয়েছে, তাদেরও বিচার এ দেশের মাটিতে হতে হবে।’

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশ নগরের লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। আসরের নামাজের পর থেকে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত