মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, মৃত বেড়ে ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে নুরজাহান বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। একই সময়ে নতুন করে আরও ২৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

২৭ জুলাই, সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা নুরজাহান বেগম গত ২৬ জুলাই মুমূর্ষু অবস্থায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, ডেঙ্গুর সঙ্গে উচ্চ রক্তচাপজনিত (এইচটিএন) জটিলতা থেকে মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম (এমওডিএস) দেখা দেওয়ায় তার মৃত্যু হয়েছে।

[ad_OwixA1az]

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত ২৭ জনসহ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৫ জনে।

আক্রান্তদের মধ্যে ৪৩৯ জন পুরুষ, ১৯১ জন নারী এবং ১২৫ জন শিশু। শুধু জুলাই মাসেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৫৭ জন, যা চলতি বছরের মোট সংক্রমণের বড় অংশ।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে মোট ৯৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২২ জন।

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও সামাজিক সচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হতে হবে।

এর আগে গত ১২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে মরিয়ম বেগম (৩১) নামে এক নারীর মৃত্যুর তথ্য জানিয়েছিল জেলা সিভিল সার্জন কার্যালয়।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত