বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা দ্রুত শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশের দাবিতে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন পরীক্ষার্থীরা।
১৯ জুলাই, রোববার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ১৫ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে পরীক্ষার্থীরা উল্লেখ করেন, প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র পরীক্ষার পর অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলমান থাকায় চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছেন।
[ad_OwixA1az]তাদের দাবি, দীর্ঘ অনিশ্চয়তায় পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই দ্রুত বর্তমান পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরু এবং স্থগিত পরীক্ষাগুলোর জন্য দুই থেকে তিন দিনের বিরতি রেখে নতুন সময়সূচি প্রকাশ করা হোক।
স্মারকলিপি গ্রহণের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বোর্ড সব সময় শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কোনো শিক্ষার্থী যেন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা দিতে বাধ্য না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমের মতামত বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং যথাযথ সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে।
মতবিনিময় সভায় চেয়ারম্যান আরও বলেন, বোর্ড চায় দ্রুত পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য শিক্ষা বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ফল প্রকাশ করতে। তবে পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে আবহাওয়া, সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
তিনি জানান, এর আগে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের অনুরোধেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে দীর্ঘ সময় পরীক্ষা পিছিয়ে গেলে ফল প্রকাশের সময়সূচিও বিলম্বিত হবে।
গুজব সম্পর্কে সতর্ক করে বোর্ড চেয়ারম্যান বলেন, বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে কান না দিয়ে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নেতিবাচক চিন্তা না করে এখন থেকেই পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে হবে। পরীক্ষা শুরু হলে চলমান সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে এবং যেসব পরীক্ষা স্থগিত হয়েছে, সেগুলোর নতুন সময়সূচি দ্রুত প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, সরকার ও শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় আন্তরিক। সবার সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপনসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএস
[ad_ujVHoYsI]
