খাগড়াছড়িতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সেনাবাহিনী। রবিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, আগামী কয়েক বছরের মধ্যে খাগড়াছড়িতে ২০ লক্ষ গাছ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি করে গাছ লাগানো এবং লাগানো গাছের পরিচর্যা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী পরিবেশগত নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
[ad_OwixA1az]অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. আমিনুর রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার ও যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়।
এসএস
[ad_ujVHoYsI]
