চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী সুমন ঘোষ (৪৮) এখন শঙ্কামুক্ত। চমেক হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন।
নগরের বক্সিরহাট এলাকার বাসিন্দা এই ব্যবসায়ী বক্সিরহাটে মসলাজাতীয় পণ্যের ‘স্বপন ঘোষ এন্ড সন্স’ নামের দোকানের মালিক। ১৯ জুন, শুক্রবার ভোর পাঁচটার দিকে তিনি ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
ফেসবুক লাইভে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নামধারী তিন ব্যক্তি শমসের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলী তাঁর কাছে দোকান ভাড়ার নামে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়ায় তাঁকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পাঁচ মাস জেল খাটানো হয়েছে।
[ad_OwixA1az]তিনি কারাগারে থাকার সময় তার স্ত্রীকে দিয়ে জোরপূর্বক দোকান ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষরও করানো হয়েছে। দোকানটির প্রকৃত মালিক নূর নাহার বেগম।
তিনি আরও বলেন, ‘আমি যখন বললাম, আপনাদের কেন এই চাঁদা দেব, ভাড়ার নামে। আমার তো জমিদার (মালিক) আছে, আমার জমিদারকে ভাড়া দেব। তখন তারা বলে, এটা চাঁদা হিসাব করেই তুমি দিবা’। ওই ব্যক্তিদের কারণে তিনি আত্মহত্যা করছেন বলে ফেসবুক লাইভে জানান।
বিষপানের সময় তার মৃত্যুর জন্য ওই তিনজনকে দায়ী করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম বলেন, শুক্রবার বক্সিরহাট এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যবসায়ী। তাকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে আসেন। তিনি হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন-তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
পুলিশ জানায়, ২০০৫ সালের ৫ ডিসেম্বর কোতোয়ালী থানার একটি মামলায় ব্যবসায়ী সুমন ঘোষকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। এদিকে সুমন ঘোষ ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টার পর অভিযুক্তদের একজন আইয়ুব আলী কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ নাজমুন নূর জানান, এ ঘটনা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।
এসএস
[ad_ujVHoYsI]
