কক্সবাজারের চকরিয়ায় লিচুর বিচি গলায় আটকে গিয়ে ওয়াসেনাত (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৮ মে, সোমবার দুপুরে উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসেনাত বমুবিলছড়ি ১ নম্বর ওয়ার্ড পশ্চিমপাড়া গ্রামের চিকিৎসক আবু নোমান ওসমানীর মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, আজ জোহরের নামাজের পর আবু নোমান ওসমানী তাঁর মেয়ে ওয়াসেনাতকে লিচু খাওয়াচ্ছিলেন। একটি লিচু খাওয়ানোর পর অসাবধানতাবশত বিচিটি শিশুটির পাশে রেখে তিনি বাড়ির উঠানে কবুতরকে খাবার দিতে যান। পাঁচ মিনিট পর ঘরে ফিরে দেখেন, শিশুটি বিচিটি মুখে দিয়ে ফেলেছে এবং সেটি গলায় আটকে গেছে।

পরে পরিবারের সদস্যরা বিচিটি বের করার চেষ্টা করে ব্যর্থ হলে, শিশুটিকে দ্রুত পার্শ্ববর্তী লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়।
লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, এখন লিচুর মৌসুম চলছে। শিশুদের লিচু বা ফল খাওয়ানোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে।
গতকাল সোমবার রাত নয়টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এসএস



