চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় আহত ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর মৃত্যুবরণ করেছেন।

২০ এপ্রিল, সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আবুল কাসেম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কামাল বাজার এলাকার বাসিন্দা ও সুপারি ব্যবসায়ী। তিনি আয়ুব আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকালে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন।
এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে আবুল কাসেম মারা যান। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পূর্বে দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এসএস



