শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

রাঙামাটিতে ‍যুব ফোরাম নেতাকে হত্যার ঘটনায় মামলা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কোতয়ালী থানাধীন কুতুকছড়ি ইউনিয়নে ইউপিডিএফ গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন । তিনি জানিয়েছেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটে কুতুকছড়ি উপর পাড়ায় নিজ বসতবাড়িতে সশস্ত্র হামলার শিকার হন ধর্মশিং চাকমা (৩৯)। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিক যুব ফোরামের সহ-সভাপতি ছিলেন। অভিযোগ রয়েছে, পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা ২০–২৫ জন পাহাড়ি সন্ত্রাসী সংঘবদ্ধভাবে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে।

এ সময় হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন ভাগ্যশোভা চাকমা (২৫) ও কৃপা সোনা চাকমা (৩৫)। তাদের প্রথমে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছেন রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা: শওকত আকবর খান।

এ ঘটনায় নিহতের শ্যালক বলভদ্র চাকমা (৫৫) বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৯, তারিখ ১৭ এপ্রিল ২০২৬; এতে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০২/৩০৭/৩২৬/৩৪ ধারায় অজ্ঞাতনামা ২০–২৫ জনকে আসামি করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: জসিম উদ্দিন জানায়, মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস

[Image not available]

সম্পর্কিত