চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করা হচ্ছে। এ উপলক্ষে ৩ এপ্রিল, শুক্রবার উপজেলার ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

জানা গেছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীকে দেখতে আগামী ২৫ এপ্রিল ফটিকছড়ি সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার এই সফরকে কেন্দ্র করে মাদ্রাসা ও আশপাশের এলাকায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
পরিদর্শনকালে এমপি সরোয়ার আলমগীর আল্লামা শাহ্ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি মাদ্রাসা মাঠসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখেন এবং প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসএস



