চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

৩০ মার্চ, সোমবার বিকেলে উপজেলার এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, চাকসুর ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। হৃদয় এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি লাইসেন্স আছে তার। এই লাইসেন্সের অনুকূলে তদবির করে বিভিন্ন দপ্তর থেকে ঠিকাদারি কাজ করেন তিনি।

সোমবার বিকেলে ফটিকছড়ি এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহর কাছে সাজ্জাদ উপজেলা হিসাবরক্ষক শয়ন বড়ুয়ার মোবাইল নম্বর জানতে চান। নম্বর দিতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় হৃদয় কার্যালয়ে ভাঙচুর করেন। এ সময় ওই অফিসের কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়। তিনি উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজও করেন। একপর্যায়ে উপস্থিত স্থানীয় মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের হস্তক্ষেপ করলে সাজ্জাদ সেখান থেকে চলে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা করেছি আমরা।
এ বিষয়ে সাজ্জাদ হোসেন হৃদয় গণমাধ্যমকে বলেন, আমি আমার এলাকার এক কর্মকর্তার ফোন নম্বর চাইলে উপ-সহকারী প্রকৌশলী আতা উল্লাহ তা দিতে অস্বীকৃতি জানান। তিনি আমার সাথে অশোভন আচরণ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। তবে প্রিন্টার ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এসএস



