চট্টগ্রামে চুরি হওয়া একটি নিশান এক্সট্রেইল গাড়ি উদ্ধার এবং চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি ভবনের পার্কিংয়ে গাড়িটি রেখে বাসায় যান মালিক। পরদিন সকালে ভবনের দারোয়ান গাড়িটি না থাকার বিষয়টি জানান। পরে মালিক থানায় অভিযোগ করলে ডবলমুরিং মডেল থানায় পেনাল কোডের ৩৮০ ধারায় মামলা (নং–১৯) দায়ের করা হয়।
মামলার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর পশ্চিম বিভাগের ডবলমুরিং মডেল থানার একটি দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। এতে মো. সাইমন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং এলাকায় ভাড়া থাকতেন।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার ডিসি পার্ক এলাকা থেকে চুরি হওয়া প্রায় ৪০ লাখ টাকা মূল্যের নিশান এক্সট্রেইল গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি পেশাদার গাড়িচোর। তাঁর বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএস



