শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সদস্য বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

২৩ ফেব্রুয়ারি, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার সংলগ্ন সাইরন ম্রো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকায় পৌঁছালে পাহাড়ের চূড়া থেকে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই এক সন্ত্রাসী নিহত হয়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ১৪৩ রাউন্ড লাইভ অ‍্যামুনেশন ও ২ টি ম‍্যাগজিন উদ্ধার; আহত একজন জেএসএস সদস্য আটক করা হয়।

​এ ঘটনার পর থেকে ওই এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, দুর্গম এলাকা ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে বিস্তারিত তথ্য পেতে কিছুটা সময় লাগছে। তবে গোলাগুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় এক জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত