সুশিক্ষিত, বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ সংসদীয় আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেছেন, গত দুই বছর ধরে নির্বাচনী এলাকায় নিয়মিত জরিপের মাধ্যমে জনসাধারণের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। সেই ভিত্তিতেই পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন হবে তার রাজনীতির মূল লক্ষ্য।

শনিবার রাতে নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রামে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান জানান, সংসদীয় এলাকার প্রতিটি ওয়ার্ডে তরুণ ও যুব সমাজকে কর্মদক্ষ করে তুলতে একটি করে কর্মসংস্থান হাব গড়ে তোলা হবে। পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে সবার জন্য সুশিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বৃহত্তর হালিশহর-পাহাড়তলী ও খুলশী এলাকার মানুষের জন্য একটি আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এছাড়া জলাবদ্ধতা নিরসন, মশক নিয়ন্ত্রণ এবং ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
আইনশৃঙ্খলা বিষয়ে সাঈদ আল নোমান বলেন, তিনি কিশোর গ্যাং ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। নতুন প্রজন্মের হাতে অস্ত্র নয়, কলম দেখতে চান তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মতভিন্নতা থাকলেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকবেন। সুযোগ ও সক্ষমতা পেলে ভবিষ্যতে সাংবাদিকদের আবাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে কিছু শঙ্কা থাকলেও তিনি আশাবাদী, এবারের নির্বাচন একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকসহ মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএস



