বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আইসিসিকে নতুন প্রস্তাব দিয়েছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

ভিসা জটিলতায় ভারতীয় আইসিসি প্রতিনিধি নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি। তবে তিনি অনলাইনে বৈঠকে যোগ দেন। শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির পুরোনো বিষয়গুলোই উঠে আসে। এই আলোচনা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়। তবে আসলে কী সিদ্ধান্ত হলো, তা এখনও স্পষ্ট নয়।

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি। তবে শনিবারের সভায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রতিনিধি দল বৈঠক শেষে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। দুই পক্ষই মনে করছে, আলোচনা চলতে থাকবে এবং একটি ইতিবাচক সমাধান বের হবে।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ গতকাল ভোরে ঢাকায় এসেছিলেন। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে ছিলেন আইসিসির অপারেশন্স ম্যানেজার। ভিসা প্রত্যাশার চেয়ে দেরিতে পাওয়ায় গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পারায় ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

বিসিবি রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড থেকে আইসিসির দুই প্রতিনিধিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ বদলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশকে বি গ্রুপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে, যেহেতু ওই গ্রুপের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে বলা হয়, ‘আলোচনায় বিসিবি আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করার জন্য। পাশাপাশি দল, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির কাছে তুলে ধরা হয়। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলাভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশ দলকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় আসে।’

বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বোর্ড জানিয়েছে, দুই পক্ষই এ বিষয়ে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি নয়। নিজেদের অবস্থানে অনড় বিসিবি বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলতে চায়। যদিও বিসিবি অনড়, আইসিসি চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত