শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

খাগড়াছড়িতে অসহায় ও দুস্থদের চিকিৎসা ও পুনর্বাসনে সেনা রিজিয়নের আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অসহায় হতদরিদ্র, শিক্ষার্থী ও দুস্থদের চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

২১ ডিসেম্বর, রোববার দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়ন প্রাঙ্গণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত থেকে প্রায় ৪০ জন অসহায় হতদরিদ্র, দুস্থ ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন খাতে অনুদানের চেক তুলে দেন।

এই সহায়তার আওতায় চিকিৎসা ব্যয়, ঘর নির্মাণ, শিক্ষার্থীদের পড়ালেখা এবং খ্রিস্টান ধর্মাবলম্বীদের আসন্ন বড়দিন উদযাপনের জন্য গির্জা সহ বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে মেজর কাজী মোস্তফা আরেফিন বলেন, এই অনুদান যেন আপনাদের ব্যক্তিগত ও পারিবারিক চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে কাজে লাগে—সেটিই আমাদের প্রত্যাশা। আমরা চাই আপনারা এবং আপনাদের পরিবারের সদস্যরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করুন। সুন্দর ও সবুজ এই পাহাড় আমাদের সবার। এখানে সবার বেঁচে থাকার অধিকার রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী এই পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় সহায়তা পাওয়া অসহায় হতদরিদ্র শিক্ষার্থী, পঙ্গু ও দুস্থ পরিবারগুলো ঘর নির্মাণসহ বিভিন্ন খাতে আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত