মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
[ad_m4LjshC9]

ইয়াবা নিয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, আট দিন পর দ্বিতীয় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের তল্লাশিচৌকি এড়িয়ে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া আরিফ আবদুল্লাহ (২৫) আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত মারা গেছেন। ২৫ জুন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনার দিনই মোটরসাইকেলের অপর আরোহী শহীদ (৩২) মারা যান। ফলে এ ঘটনায় দুই আরোহীরই মৃত্যু হলো।

পুলিশ জানায়, গত ১৭ জুন দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু আরোহীরা সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যান।

পুলিশের ভাষ্য, পালানোর সময় মোটরসাইকেল থেকে একটি কমলা রঙের ব্যাগ ফেলে দেওয়া হয়। পরে সেটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

[ad_OwixA1az]

এর কিছুক্ষণ পর তল্লাশিচৌকি থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে শীলকূপ ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে শহীদের মৃত্যু হয়। আরিফকে আইসিইউতে ভর্তি করা হলে টানা আট দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত আরিফ আবদুল্লাহ কক্সবাজারের ঈদগাঁও থানার চৌফলদণ্ডী এলাকার নাজির হোসেনের ছেলে। অপর নিহত শহীদের বাড়ি কক্সবাজারের ভোমরিয়াঘোনা এলাকায়।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামার পরিবর্তে দ্রুত পালিয়ে যায়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে যায়, যেখান থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিভিন্ন সূত্রে জানতে পারেন, কিছু দূরে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, আরিফ আবদুল্লাহ চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাদক মামলার পাশাপাশি দুর্ঘটনার বিষয়েও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত