কর্ণফুলী উপজেলায় টানা বৃষ্টির মধ্যে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

২৯ এপ্রিল, বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহসানিয়া পাড়া এলাকায় অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।
আহতরা হলেন, শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকার মো. রুবেল (৩০), কোদাইল্লা পাড়ার মিজবাহ (১২) এবং সাফাত (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে। এ সময় দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান বলেন, ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, দেয়াল ধসে একজন নারীর মৃত্যু ও তিনজন আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস



