সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

জব্বারের বলী খেলার ১১৭ তম আসর আজ

নিজস্ব প্রতিবেদক

আজ ২৫ এপ্রিল, চট্টগ্রামের ঐতিহাসিক আবদুল জব্বারের বলী খেলা। এ খেলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বৈশাখী মেলা। দুই দিনব্যাপী এ মেলায় নগরের আন্দরকিল্লা, কোতোয়ালি মোড় থেকে শুরু করে পাবলিক লাইব্রেরি রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে বাহারি পণ্যের পসরা নিয়ে বসেছেন দোকানিরা।

কী নেই এই মেলায়? বেতের তৈরি পাটি, মোড়া, হাতপাখা, কাঠ, বাঁশ ও বেতের আসবাবপত্র, মাটির তৈরি তৈজসপত্র ও খেলনা, ফুলদানি, পুতুল, মাছ ধরার পলো, ডালা, কুলো, চালুন, গাছের চারা, মুড়ি-মুড়কি, শীতল পাটি, দা-বঁটি, ছুরিসহ গৃহস্থালির সব ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে এসব দোকানে। জুমার আগে লোকজন কিছুটা কম ছিল। জুমার নামাজের পর থেকে সময় যত গড়িয়েছে মানুষের ভিড় তত বেড়েছে। প্রচণ্ড গরমের মধ্যেও উৎসাহ-উদ্দীপনার যেন কমতি নেই।

রাজশাহী থেকে ৩ লাখ টাকার মাল নিয়ে এসেছেন হরি পাল। তিনি প্রতি বছর এ মেলাকে সামনে রেখে মাটির সামগ্রী তৈরি করেন। এবারও নানা রকমের মাটির সামগ্রী নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘অনেক গৃহবধূ ভোরের আলো ফোটার পরই মেলায় এসে কেনাকাটা করেছেন। মূলত ভিড় এড়াতে তারা ভোরে চলে আসেন।’

মেলায় আসা বেসরকারি চাকরিজীবী নাইমুর নাহার জানান, তিনি ষোলশহর এলাকা থেকে এসেছেন। প্রতি বছর এই মেলার জন্য অপেক্ষা করেন। সারা বছরের গৃহস্থালির পণ্য তিনি এ মেলা থেকেই কিনে নেন। তবে এবার দাম বেশি বলে মনে হচ্ছে তার।

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জব্বারের বলী খেলা উপলক্ষে প্রতি বছর তিন দিনব্যাপী মেলা হলেও এবার এসএসসি পরীক্ষার কথা মাথায় রেখে এক দিন কমানো হয়েছে।

এদিকে, দ্বিতীয় দিনে মেলার প্রধান আকর্ষণ জব্বারের বলী খেলা আজ অনুষ্ঠিত হবে।

এবারের বলী খেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০৮ প্রতিযোগী অংশ নেবেন। এর উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ারসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল জানান, ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় সেদিন ভোরের মধ্যেই মেলা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে সংগঠিত করতে ১৯০৯ সালে বক্সিরহাট এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর নগরীর লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সময়ের পরিক্রমায় এটি জব্বারের বলী খেলা নামে পরিচিত হয়ে ওঠে। বৈশাখের ১২ তারিখে লালদীঘির ময়দানে এই বলী খেলা হয়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত