চট্টগ্রামে চলমান তীব্র তাপদাহ এখন শুধু জনজীবনেই নয়, প্রভাব ফেলছে বিচারব্যবস্থার কর্মপরিবেশেও। প্রখর গরমের মধ্যে প্রতিদিন আদালতে কোট-গাউন পরে দায়িত্ব পালন করতে গিয়ে বাড়ছে আইনজীবীদের স্বাস্থ্যঝুঁকি এমনটাই দাবি সংশ্লিষ্টদের।

আদালত সূত্রে জানা যায়, অধিকাংশ এজলাসে পর্যাপ্ত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ভেতরের তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। অনেক জায়গায় সিলিং ফ্যান থাকলেও তা অপ্রতুল, আবার অনেক ফ্যানই অচল। ফলে দীর্ঘ সময় ধরে কালো কোট-গাউন পরে কাজ করতে গিয়ে হিটস্ট্রোক, পানিশূন্যতা, মাথা ঘোরা ও অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন আইনজীবীরা।
এই প্রেক্ষাপটে ৫ এপ্রিল, রবিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে ড্রেস কোড শিথিলের আবেদন জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ রিদুয়ান।

আবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মের তীব্রতা ও স্থায়িত্ব বাড়ছে, যা আদালতের মতো অপ্রতুল অবকাঠামোর জায়গায় কর্মরতদের জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
আইনজীবীদের মতে, অতীতেও তীব্র গরমের সময় ড্রেস কোডে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, যা কাজের পরিবেশকে সহনীয় করেছিল। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই ধরনের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
আবেদনে বিকল্প হিসেবে কোট-গাউনের পরিবর্তে সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজের সঙ্গে সাদা নেক ব্যান্ড বা কালো টাই ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিচারিক কার্যক্রম সচল রাখতে হলে শুধু নিয়ম মেনে চলাই নয়, কর্মপরিবেশও সহনীয় রাখা জরুরি। অন্যথায় স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি বিচারপ্রক্রিয়াও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসএস



