সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফিরেছে বাংলাদেশের স্বপ্নজয়ী যুব ফুটবল দল। ৪ এপ্রিল, শনিবার রাত ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় লাল-সবুজের প্রতিনিধিরা। তাদের এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য ভক্ত-সমর্থক।

দেশে ফেরার পরই সাফজয়ী ফুটবলারদের জন্য আয়োজন করা হয় বিশেষ ছাদখোলা বাস সংবর্ধনা। বাসের ছাদে দাঁড়িয়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন খেলোয়াড়রা। বিমানবন্দর থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তাদের বহনকারী বাসটি যায় হাতিরঝিল এম্ফিথিয়েটারে, যেখানে আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশের নারী ফুটবল দল অতীতে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেও, পুরুষদের বয়সভিত্তিক কোনো ফুটবল দল এবারই প্রথম এমন সম্মাননা পেল। ফলে এই সংবর্ধনা দেশের ফুটবল ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকল।

সাফজয়ী এই দলকে রাতেই অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে দলটির জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, যেহেতু তারা অনূর্ধ্ব-২০ দল, আমাদের বয়সভিত্তিক দল, তাই আমরা আশা করি খুব শিগগিরই তারা বাংলাদেশের মূল জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী এবং তার পরিবার অত্যন্ত ক্রীড়াবান্ধব। আমরা বিশ্বাস করি, এভাবে ফুটবল, ক্রিকেটসহ সকল স্পোর্টস এগিয়ে যাবে। খেলাধুলার মাধ্যমে সমাজ গঠন এবং দেশকে অনেক দূর এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম হিসেবে আমরা কাজ করে যাব।
৩ এপ্রিল, শুক্রবার মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বার সাফের এই বয়সভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
বাংলাদেশের ফুটবলে নতুন সম্ভাবনার বার্তা দিয়ে দেশে ফেরা এই দলকে ঘিরে এখন তৈরি হয়েছে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা।
এসএস



