বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

চট্টগ্রাম রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, যাত্রীদের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চট্টগ্রাম ছাড়তে শুরু করেছেন নগরবাসী। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা।

ঈদযাত্রার প্রথম দিনেই স্টেশনজুড়ে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। একই সঙ্গে যাত্রীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস। নারী, শিশু ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি ঈদ শেষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রিও আজ শুক্রবার থেকে শুরু হয়েছে। আজ বিক্রি করা হচ্ছে ২৩ মার্চের ফিরতি টিকিট।

ঈদযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তিন স্তরের টিকিট যাচাই শেষে যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারছেন।

ভোর ৪টা ২০ মিনিটে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস দিয়ে শুরু হয় এবারের ঈদযাত্রা। এরপর পর্যায়ক্রমে সৈকত এক্সপ্রেস, চট্টলা ও সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস এবং কর্ণফুলী এক্সপ্রেসসহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ সাইমন ইসলাম বলেন, পরীক্ষা শেষ হওয়ায় আগেভাগেই বাড়ি যাচ্ছেন, যাতে ঈদের পর দ্রুত ক্লাসে ফিরতে পারেন।

চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার আবু বক্কর সিদ্দিক জানান, এবারের ঈদে প্রতিদিন পূর্বাঞ্চলের ১৬টি ট্রেনের মাধ্যমে ৮ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে।

গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অগ্রিম টিকিট বিক্রি ৯ মার্চ শেষ হয়েছে। এ সময় ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট বিক্রি করা হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত ফিরতি টিকিট নির্ধারিত তারিখে বিক্রি করা হচ্ছে। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসনের বেশি টিকিট কিনতে পারবেন না এবং কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়।

এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত