বুধবার, জুলাই ২৯, ২০২৬
[ad_m4LjshC9]

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, শিশু সন্তানকে নিয়ে থানায় হাজির স্বামী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর শিশু সন্তানকে সঙ্গে নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেছেন স্বামী।

১৪ মার্চ, শনিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। তিনি পেশায় লেগুনা চালক। স্বামী-স্ত্রী উভয়ের বাড়ি একই এলাকার বলে জানা গেছে।

[ad_OwixA1az]

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে জহিরুল ইসলাম ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী হালিমা আক্তারকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত জহিরুল ইসলাম তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএস

[ad_ujVHoYsI]

[ad_nfYePqtZ]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত