শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি-বিক্রি, দুই হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি ও বিক্রি করার দায়ে দুটি হোটেল-রেস্তোরাঁকে জরিমানা করেছে সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
২৫ ফেব্রুয়ারি, বুধবার নগরের পাঠানটুলী চৌমুহনী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত ও খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় এই অর্থদণ্ড দেওয়া হয়।
চসিক সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট হোটেলগুলোতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া খাবারে ক্ষতিকর টেস্টিং সল্ট ব্যবহার এবং রাস্তা দখল করে খোলা অবস্থায় নোংরা পরিবেশে ইফতারি বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত।
এসব অনিয়মের দায়ে পাঠানটুলী চৌমুহনী মোড়ের হানিফ হোটেলকে ১০ হাজার টাকা এবং মাওলানা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় চসিকের এই তৎপরতা অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএস

[Image not available]
  • পঠিত
  • সর্বশেষ

সম্পর্কিত