চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সমগ্র হাটহাজারী-বায়েজিদ এলাকাই আমার ঘর, এলাকাবাসীই আমার পরিবার। এই ঘর, এই পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া, প্রথম অগ্রাধিকার। তাই হাটহাজারী ও বায়েজিদকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ, শান্তি-সম্প্রীতির একটি সমৃদ্ধ সংসদীয় এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

শুক্রবার বিকেলে মীর বাড়িতে তাকে সংবর্ধনা জানাতে আসা নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দেশে মীর হেলাল বলেন, আপনাদের প্রদত্ত রায় আমার কাছে আমানত। আমি কথা দিচ্ছি, আপনাদের আমানতের সম্মান আমৃত্যু রক্ষা করবো।

এলাকার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের কাছে কোনো প্রতিশ্রুতি দেইনি; বরং এই এলাকাকে নিয়ে আমার নিজের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেছি। আপনারা সেই স্বপ্ন ও পরিকল্পনার সঙ্গে একমত হয়ে আমাকে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন, হাটহাজারীতে আমার ওপর আস্থা রেখেছেন।
আর সমগ্র দেশবাসী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। আমার বিশ্বাস, উন্নয়নের ব্যাপারে তারেক রহমানের সরকারকে বলতে হবে না। আল্লাহপাক সহায় থাকলে তার উন্নয়ন-পরিকল্পনার সঙ্গে আপনার-আমার পরিকল্পনা মিলবে। হাটহাজারী-বায়েজিদে ব্যাপক পরিবর্তন হবে, ইনশাআল্লাহ।
এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত শোকরানা মাহফিলে স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দেশের ইতিহাসের অন্যতম নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে ভূমিধস বিজয়ে মহান আল্লাহপাকের প্রতি শুকরিয়া আদায় করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দীন চেয়ারম্যান, বিএনপি নেতা সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, আবদুল মন্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, রিয়াদ উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ নেতারা।
ক্লিক/এসএস



