চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকা থেকে মো. কায়েস (৪৪) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

১ ফেব্রুয়ারি, রোববার রাত সাড়ে ১১টার দিকে বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আশরাফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, মো. কায়েস ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই সোহেল চৌধুরী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। পরে তিনি ওই মামলায় জামিনে মুক্ত হন।

বাকলিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত কায়েসকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
২০২২ সালের ২২ এপ্রিল রাতে পটিয়ার বুধপুরা বাজারে ইউপি চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই সোহেল চৌধুরীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় ২৫ সেপ্টেম্বর মোহাম্মদ কায়েসকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এদিকে মীরসরাইয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রোববার (১ ফেব্রুয়ারি) বারইয়ারহাট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বারইয়ারহাট পৌরসভার জামালপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
এর আগে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে শনিবার (৩১ জানুয়ারি) রাতে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- হৃদয় (২৫) ও রানা (২৭)।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারনামীয় আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এসএস



