চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসন থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের সামনে থাকা আইনগত জটিলতা আপাতত কেটে গেছে। ফলে নির্বাচনী মাঠে তার সক্রিয় অংশগ্রহণের পথ খুলে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ ২৭ জানুয়ারি, মঙ্গলবার সরওয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ জানান, প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুযায়ী প্রার্থী হিসেবে মাঠে নামতে বর্তমানে সরওয়ার আলমগীরের আর কোনো আইনগত বাধা নেই।
তিনি বলেন, “বিদ্যমান আইনি অবস্থানে সরওয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি স্বাভাবিকভাবেই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন।”

তবে এই স্বস্তির মধ্যেই নতুন করে আপিলের প্রস্তুতির খবর নির্বাচনী অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। চট্টগ্রাম–২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের আইনজীবী অ্যাডভোকেট ইসমাঈল গণি জানান, সরওয়ার আলমগীরের পক্ষে মহামান্য হাইকোর্টে দায়ের করা রিট মামলার আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল মিস পিটিশন (সিএমপি) দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে আইন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আপিল বিভাগের এই প্রক্রিয়া শুরু হলেও তা বিচারাধীন থাকলে বর্তমান সময়ে সরওয়ার আলমগীরের নির্বাচনী কার্যক্রমে তাৎক্ষণিক কোনো আইনগত বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
দীর্ঘদিন ধরে চলমান আইনগত অনিশ্চয়তা কাটায় চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের নির্বাচনী মাঠে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সরওয়ার আলমগীরের সক্রিয় উপস্থিতিতে ভোটের প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে।
এদিকে পুরো ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝেও আগ্রহ ও আলোচনা বেড়েছে। এখন সবার দৃষ্টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সম্ভাব্য কার্যক্রম এবং নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের দিকে।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে চট্টগ্রাম–২ আসনের রিটার্নিং কর্মকর্তা সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের হলে আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়। পরবর্তীতে ২৫ জানুয়ারি বিকেলে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা ফিরে পেতে দায়ের করা রিট পিটিশন (নং-১০৫৩/২০২৬) এর শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো: আসিফ হোসেনের দ্বৈত বেঞ্চে ২৭ জানুয়ারি সরওয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা ঘোষণা করা হয়।
এসএস



