আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা এবং প্রথম শ্রেণির কেপিআই (KPI) প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা সুসংহত করতে নতুন কিছু জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি বিমানবন্দরের নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ড্রাইভওয়েতে যাত্রী ব্যতীত সকল ধরনের দর্শনার্থী এবং সাধারণ যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ৬ জানুয়ারি, মঙ্গলবার চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বলা হয়।
নতুন এই নির্দেশনার ফলে বিমানবন্দরে আগত যাত্রীবাহী সকল যানবাহনকে এখন থেকে সরাসরি প্রধান পার্কিং অথবা কার্গো পার্কিং এলাকায় প্রবেশ করে যাত্রী ওঠানামা করতে হবে। তবে সাধারণ যাত্রীদের বিড়ম্বনা কমাতে এবং যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে যে, বিমানবন্দরের প্রধান পার্কিং এলাকায় শুধুমাত্র যাত্রী নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রবেশকারী যানবাহনগুলো থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ধরনের পার্কিং টোল আদায় করা হবে না।

এছাড়া বিমানবন্দরে ভিআইপি প্রটোকল প্রদানের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবারবর্গ যাত্রী হিসেবে আসা-যাওয়ার সময় প্রটোকল কার্যক্রম সম্পাদনের জন্য সর্বোচ্চ একজন অনুমোদিত ব্যক্তি নির্ধারিত পাস প্রদর্শন করে ভেতরে প্রবেশের সুযোগ পাবেন। যাত্রীসেবা উন্নত রাখা এবং বিমানবন্দরের নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখার স্বার্থে নেওয়া এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এসএস



